Sylhet Today 24 PRINT

পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বক্তব্যকে অসত্য বলল বেবিচক

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানারে নিজের পিস্তল ও গুলি ধরা না পড়ার বিষয়ে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ঘটনা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন অসত্য কথা বলছেন বলে দাবি করা হয়।

এদিকে বেবিচকের দেয়া বিবৃতিকেই অসত্য বলে আখ্যা দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে তিনি ঢাকা তিন বলেন, নিশ্চিত এ বিষয়ে আমি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছি। সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পিস্তল ও গুলি ধরা না পড়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও কথা বলেন কাঞ্চন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে পিস্তল ও গুলি ধরা না পড়ার ঘটনা নিয়ে ইলিয়াস কাঞ্চন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন, ‘‘ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যাই। এরই মধ্যে বিমানবন্দরের প্রবেশগেটে ব্যাগটি তল্লাশি করা হয়। নভোএয়ারের বোর্ডিং কাউন্টারে এসে ব্যাগে থাকা পিস্তলের কথা মনে পড়ে। স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় আমি অবাক হই। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করি। তাৎক্ষণিক কর্তৃপক্ষ আমার কাছে দুঃখ প্রকাশ করে।’’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘প্রথম স্ক্যানার পার হওয়ার পর মনে পড়ায় আমিই তাদের কাছে গিয়েছি। কেন স্ক্যানারে এ বিষয়টি ধরা পড়েনি তা নিয়ে আমি তাদের কাছে অভিযোগ করেছি।’’

গত ২৪ ফেব্রুয়ারি খেলনা পিস্তল নিয়ে শাহজালাল বিমানবন্দর হয়েই উড়োজাহাজে উঠে পলাশ আহমেদ নামে এক যুবক পাইলট-ক্রুদের জিম্মি করেছিলেন, পরে চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে তিনি মারা পড়েন।

তার মধ্যে ইলিয়াস কাঞ্চনের এই ঘটনায় শোরগোলের মধ্যে বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদ মাধ্যমে অন্যায়ভাবে একের পর এক অসত্য কথা বলছেন।”

ঘটনার ব্যাখ্যা দিয়ে বেবিচক বলছে, “প্রকৃতপক্ষে সেদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি অভ্যন্তরীণ টার্মিনালের এন্টি হাইজাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় মেশিনে শনাক্ত হয়।

“বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে গমন করেন।”

পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে যাওয়ার ঘটনায় একজনকে ইতোমধ্যে বরখাস্তও করেছে বেবিচক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.