Sylhet Today 24 PRINT

রাতে ব্যালট ভর্তি বন্ধে ইভিএম ব্যবহার করব: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি বন্ধ করতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার শুরু করা হবে। তিনি বলেন, ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার যে অভিযোগ উঠেছে, সেটি বন্ধ করতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় তিনি এ কথা বলেন।

নুরুল হুদা বলেন, সমাজে যখন অনিয়ম শুরু হয়, সেটিকে প্রতিহত করতে আরেকটি আইন তৈরি করতে হয়। তাই ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার সুযোগ বন্ধে ইভিএম চালু করা হবে।

রাতে ব্যালট মারার জন্য কারা দায়ী, সেটি বলার সুযোগ ইসির নেই জানিয়ে সিইসি বলেন, কারা সে জন্য দায়ী, নির্বাচনে কার প্রার্থী-সমর্থক কার কী প্রয়োজন, সেই শিক্ষা দেয়ার ক্ষমতা ও যোগ্যতা কমিশনের নেই। কী কারণে এগুলো হচ্ছে তা বলারও কোনো সুযোগ নেই।

নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচনে যে হেরে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে না। আর যে জিতে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে নুরুল হুদা বলেন, যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন, তাদের কোনো পক্ষ নেই। তাদের দায়িত্ব হলো, নির্বাচন অনুষ্ঠান করা। কে কোন দলেন, কার প্রভাব বেশি– এসব মোটেও বিবেচ্য বিষয় নয়।

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করার ব্যাপারে ইসি কর্মকর্তাদের ভূমিকা আছে বলেও জানান সিইসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.