Sylhet Today 24 PRINT

ঢাবির চার হলের ফল ঘোষণা: ৩টিতে ভিপি ছাত্রলীগ, ১টিতে স্বতন্ত্র

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৯

ডাকসু নির্বাচনে চারটি হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।  এর মধ্যে মুহসিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জিয়াউর রহমান হলে ছাত্রলীগ সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন।

এদিকে ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি পদে জয়ী হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা।  তবে জিএস পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল জয়ী হন।

হলগুলোর নির্বাচনের দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসাররা এই ফল ঘোষণা করেন।

হাজী মুহম্মদ মুহসীন হলে সহ সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির।  জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদে ভিপি পদে ছাত্রলীগের আকমল হোসেন ও জিএস পদে মেহেদি হাসান শান্ত নির্বাচিত হয়েছেন।

জিয়া হলে ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন হাদিবুল হোসেন শান্ত।

তবে ফলে চমক এসেছে ফজিলাতুন্নেসা মুজিব হলে। এতে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা।  তিনি ছাত্রলীগের প্রার্থী কোহিনুর আক্তার রাখিকে পরাজিত করেন। এই হলে সাধারণ সম্পাদক পদসহ অন্য ১০ পদে ছাত্রলীগ জয় হলেও রিকির মতো সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা জয়ী হন।  এই দুজনও সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.