Sylhet Today 24 PRINT

স্বর্ণের দাম কমছেই

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৫

আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে দেশে আবারও কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবার ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণ ও রূপার নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪১ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকা ও ১৮ ক্যারেট ৩৩ হাজার ৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতনী স্বর্ণ প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮৭০ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার (ক্যাডমিয়াম) দামও। প্রতিভরি ২১ ক্যারেট রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, বুধবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪২ হাজার ৯৮২ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ টাকা ও ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৩৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি ভরি সনাতনী স্বর্ণ ২২ হাজার ৮৬১ টাকায় এবং রূপা ৯৯১ টাকায় বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া বা কমার প্রেক্ষিতে দেশীয় বাজারেও দাম সমন্বয় করে থাকে বাজুস। আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম কমে সম্প্রতি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসলে দর সমন্বয় করে সর্বশেষ গত ২২ জুলাই দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস।

এদিকে বুধবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এদিন এশিয়ার বিভিন্ন বাজারে আউন্সপ্রতি (২৮.৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৮৫.৭২ ডলারে, যা মঙ্গলবারের চেয়ে ৬.৯৩ ডলার কম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.