Sylhet Today 24 PRINT

বাংলাদেশে শিশুর প্রতি সহিংসতায় ইউনিসেফের উদ্বেগ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৫

সম্প্রতি বাংলাদেশে শিশুদের প্রতি পরপর সংঘটিত বেশক’টি সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি একই সঙ্গে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বিগবেন্ডার এ উদ্বেগের কথা জানান। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় পৃথক ঘটনায় তিন শিশুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দিলো ইউনিসেফ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বেগবেদার বলেন, 'সাম্প্রতিক সময়ে খুব অল্প দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে নির্যাতন করে পিটিয়ে শিশুদের হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা সম্পূর্ণরূপে 'শিশু অধিকারের' নীতি বিরোধী এবং এই ঘটনাগুলো যা সারা দেশকে নাড়া দিয়েছে তার জন্য ইউনিসেফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।'

তিনি বলেন, 'ইউনিসেফ বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশগুলোতে সরকারি, বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের সাথে শিশুদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছে, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদের শারীরিক শাস্তি, শিশু বিবাহ, শিশু শ্রম, যৌতুক বন্ধ করা। ইউনিসেফ একইসাথে তার অংশীদারদেরকে শিশুদের জন্য বিচার ব্যবস্থার উন্নয়নে কাজ করছে, যাতে করে শিশুদের সংশ্লিষ্ট অপরাধীরা বিচারের আওতায় আসে।'

ইউনিসেফ সরকারের প্রতি ওইসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। ওই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও সরকারকে আন্তরিক হতে পরামর্শ ইউনিসেফের।

শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলি প্রকাশের জন্য গণমাধ্যমের প্রশংসা করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, শিশুর বিরুদ্ধে এ ধরণের সহিংস ঘটনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশের গণমাধ্যম যে দায়িত্ব পালন করেছে ইউনিসেফ বাংলাদেশ সে দায়িত্বকে আলোচনায় নিয়ে আসার সুযোগ নিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.