Sylhet Today 24 PRINT

বন্যাকবলিত মায়ানমারের জন্যে ত্রাণ পাঠালো বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৫

বন্যাকবলিত মায়ানমারের দুর্গত মানুষদের সাহায্যার্থে বাংলাদেশ থেকে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। প্রায় এক কোটি টাকা মূল্যের দেড় টনের বেশি জরুরি ত্রাণসামগ্রী কার্গোতে তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল পৌনে ১০টায় বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণসামগ্রী মায়ানমারের উদ্দেশ্যে কার্গোতে তুলে দেওয়া হয়।

ত্রাণসামগ্রী পাঠানোর সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, মায়ানমারের বন্যাদুর্গতের দুর্ভোগের কথা জানার পর প্রধানমন্ত্রী ত্রাণসামগ্রী পাঠানোর নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকা মূল্যের দেড় টনের বেশি ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। প্রয়োজনে চাহিদা অনুযায়ী আরও পাঠানো হবে। আগামীকাল (শনিবার) এসব ত্রাণসামগ্রী মায়ানমারে পৌঁছাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্র বিষয়ক) রিয়ার এডমিরাল খুরশিদ আলম, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, সিএমএসডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রসুল প্রমুখ।

এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী এ দেশটির বন্যাদুর্গত মানুষদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠানোর নির্দেশ দেন।

এ ত্রাণসামগ্রীর মধ্যে যাচ্ছে জরুরি জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কম্বল এবং তাঁবু টানানোর সরঞ্জাম প্রভৃতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.