সিলেটটুডে ডেস্ক | ০৭ আগস্ট, ২০১৫
দেশের সবগুলো মহাসড়ক নয় কেবল ২২টি মহাসড়কে নিষিদ্ধ থাকছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের টেম্পু ও থ্রি হুইলার চলাচল। নির্দিষ্ট এ ২২টি মহাসড়কের তালিকা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তালিকার বাইরে থাকা অন্যান্য সব সড়ক-মহাসড়কে এসব যানবাহন চলাচলে পুলিশি বাধাসহ নানা হয়রানি রোধে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তালিকা সরবারহ করেন তিনি।
এ সময় মন্ত্রী জানান, তালিকার ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশাসহ কোনো ধরণের থ্রি-হুইলার চলতে পারবে না। অবিলম্বে এ তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।
তালিকায় থাকা জাতীয় মহাসড়কের কয়েকটি হলো, কাঁচপুর সেতু (ঢাকা) থেকে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। কাঁচপুর সেতু (ঢাকা) থেকে ভেলানগর, নরসিংদী, সরাইল, মাধবপুর, মিরপুর ও শেরপুর হয়ে সিলেট বাইবাস পর্যন্ত। জয়দেরপুর থেকে ময়মনসিংহ বাইবাস পর্যন্ত। আমিনবাজার থেকে সাভার ও মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া পর্যন্ত অন্যতম।
মহাসড়কগুলো হলো-
জাতীয় মহাসড়ক এন-১—কাচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার),
এন ২—কাচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস,
এন ৩—জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট,
এন ৪—জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর,
এন ৫—আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা,
এন ৬—কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর,
এন ৭—দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা,
এন ৮—তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী,
এন ১০২—ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল,
এন ১০৫—মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস),
এন ৪০৫—এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল,
এন ৫০২—বগুড়া-নাটোর,
এন ৫০৬—রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম
এন ৫০৭—হাটিকুমরুল-বনপাড়া
এন ৫০৯—বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী,
এন ৫৪০—নবীনগর-ইপিজেড-চন্দ্রা,
এন ৭০২—যশোর-মাগুরা,
এন ৭০৪—ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশোরিয়া,
এন ৭০৬—চাঁষড়া মোড় (যশোর)-বেনাপোল,
এন ৮০৪ ও ৮০৮—ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ি মোড়,
এন ৮০৫—ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া ও
এন ৮০৬—ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর
মন্ত্রী আরও বলেন, দেশে আড়াইলাখ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক, জেলা ও গ্রামীণ সড়ক রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্ত সড়কের দৈর্ঘ্য ২১ হাজার কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক প্রায় তিন হাজার কিলোমিটার। মহাসড়কে দুর্ঘটনারোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জাতীয় মহাসড়কগুলোতে সিএনজি অটোরিকশা চালনা নিষিদ্ধ করা হয়েছে। লক্ষণীয় যে, গত কয়েক দিনে মহাসড়কে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমেছে।
তিনি বলেন, ভবিষ্যতে যেসব সড়ক-মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, সেসব মহাসড়কের পাশে ধীরগতির যানবাহন চলাচলে বাইলেন নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে পরিকল্পনা নেওয়া হয়েছে।