সিলেটটুডে ডেস্ক | ০৭ আগস্ট, ২০১৫
জঙ্গি মৌলবাদীদের চাপাতির আঘাতে নিহত ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে মা বিলাপ করে চলছেন। কোন ধরনের স্বান্তনার ভাষাতেই থামানো যাচ্ছে না তাঁকে।
নিলয় পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের তারাপদ চট্টোপাধ্যায়ের ছেলে। মাত্র সপ্তাহ দুয়েক আগে বাড়ি থেকে ঘুরে গেছেন তিনি।
মা অপর্ণা চট্টোপাধ্যায় ছেলেকে ঢাকায় ফিরে যেতে বারণ করেছিলেন। বলেছিলেন বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে। নিলয়ের মা বিলাপ করছেন আর চিৎকার করে কাঁদছেন। একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা হত্যাকারীদের বিচার দাবি করছিলেন।
নিলয় চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে তেজদাসকাঠি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে উচ্চ মাধ্যামিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।
বাবা সাধারণ গৃহস্থ হলেও বাড়ির অন্যরা কেউ শিক্ষক, কেউ আইনজীবী। নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী এবং বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সদস্য ছিলেন।
শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় ১৬৭ নম্বর বাসার ৫ম তলার একটি বাসায় ঢুকে নিলয় নীলকে খুন করে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীরা। চার যুবক বাসায় ঢুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কুপিয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়ে চলে যায়।