সিলেটটুডে ডেস্ক | ০৮ আগস্ট, ২০১৫
ব্লগার নিলয় হত্যার ঘটনায় থানায় জিডি না নেওয়ার ব্যাপারে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। শুক্রবার হত্যাকাণ্ডের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের একথা জানান তিনি।
ব্লগার নিলয়ের জিডি না নেওয়ার ব্যাপারে পরিবারের অভিযোগের বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের তিনি জানান, নিহতের পরিবার যে অভিযোগ করছেন ও তার ফেসবুকের স্ট্যাটাসটির ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে নিলয় নীলের গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে গত ১৫ মে নিলয় তার ফেসবুক স্ট্যাসে বলেছিলেন, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে দুজন যুবক তাকে অনুসরণ করে। এ ঘটনায় তিনি থানাতে জিডি করতে গেলে তা নেয়নি পুলিশ।