নিউজ ডেস্ক | ০৮ আগস্ট, ২০১৫
বাংলাদেশে ধর্মের নামে রক্তপাত ও মানুষ হত্যা চলতে দেওয়া হবে না। যারা ধর্মকে ব্যবহার করে অপকর্ম করছে তাদেরও রেহাই দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, যারা শিশু নির্যাতন করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এসব করলে কেউই রেহাই পাবে না।
ব্লগার হত্যাকাণ্ড ও জঙ্গি তৎপরতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্তত বাংলাদেশে ধর্মের নামে রক্তপাত চলতে দেওয়া যাবে না। গোটা পৃথিবীতে জঙ্গিবাদী তৎপরতা চলছে। এখানেও মাঝেমধ্যে সেই ধাক্কাটা লাগে। সৌদি আরবের মসজিদে জুমার নামাজ পড়ার সময় বোমা হামলা করে মুসলমানদের হত্যা করা হয়েছে। এখানে (বাংলাদেশে) আবার ধর্মের নামে ব্লগার হত্যা করা হচ্ছে। যারা মুসলমান হয়ে মুসলমানদের হত্যা করে, কিংবা মানুষ হত্যা করে, ইসলাম ধর্মকে কলুষিত করে, তারা মুসলমান হতে পারে না। এরা কোন ধর্মে বিশ্বাস করে? এদের কোনো ধর্ম নেই।
নিজ মায়ের স্মৃতিচারণ করে অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমার বাবা রাজনৈতিক অঙ্গনে সর্বক্ষণ মায়ের সাহস ও অনুপ্রেরণা পেয়েছেন। বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি করা হলে আমার মা পরিবার সামলাতেন, খোঁজ-খবর নিতেন দলের নেতাকর্মীদের। সবাইকে আগলে রাখতেন, সবাইকে সাহস যোগাতেন। তার কাছ থেকে আমরাও জীবনে চলার অনুপ্রেরণা পেয়েছি।
শেখ হাসিনা বলেন, আমার মায়ের কখনো কোনো চাহিদা ছিল না। তিনি সাদাসিধে জীবন করতেন। তার মধ্যে কোনো হা-হুতাশ ছিল না। পরিবার বা দলের যখন প্রয়োজন হতো, তখন তিনি গহনা বা ঘরের ফার্নিচারও বিক্রি করে দিতেন।