Sylhet Today 24 PRINT

আগুন থেকে বাঁচতে এফ আর টাওয়ার থেকে লাফ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৯

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের ভয়াবহ আগুনে আটকে পড়া মানুষ জীবন বাঁচাতে ভবনের জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। রশি বেয়ে নামতে গিয়ে দুজন পড়ে গেছেন। আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফ আর টাওয়ার থেকে লাফ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা পৌনে একটার দিকে রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারে ভয়াবহ এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়েই আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। নাগাদ ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবনটির বিভিন্ন তলা থেকে বের হতে দেখা যায়। উপায় না দেখে পরে কয়েকজন লাফ দেন। নিচে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করেন উপস্থিত লোকজন।

কয়েকজনকে ভবনের আশপাশে থাকা তার ধরে নিচে নামার চেষ্টা করতে দেখা যায়। তবে তাদের কেউ কেউ নিচে পড়ে যান। ভবন থেকে নিচে পড়ে যারা আহত হয়েছেন, তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ভবনের ওপরে আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।

ঘটনাস্থলে থাকা লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে রেস্তোরাঁ আছে। আছে অফিস। আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক লোকজন ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের জানান, ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্য তলায়ও আগুন ছড়ায়। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে ঠিক কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এফ আর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি ১৭ তলা বলে জানা গেছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো নিশ্চিত তথ্যও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.