Sylhet Today 24 PRINT

আগুন ছড়িয়ে পড়ছে পাশের ভবনেও

বনানীতে এফ আর টাওয়ারে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৯

রাজধানীতে বনানীর এফ আর টাওয়ার থেকে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। বেলা সাড়ে তিনটার দিকে পাশের একটি ভবন থেকেও ধোয়া বের হতে দেখা যায়। এসিগুলো থেকে প্রচণ্ড ধোয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত পানি ছিটিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুন লাগে।

২২ তলা ভবনটির ৯ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

পাশের ভবন থেকে উদ্ধার হওয়া রেজাউল করিম বলেন, ‘এফ আর টাওয়ারের ২৩ তলায় আমরা দুইজন আটকে ছিলাম। সেখানে আর কেউ ছিলো না। পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ছে।’

ধোয়ার কারণে আগুনের ভবনের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। চারটি লেডার নিয়ে কাজ করলেও ধোয়ার কারণে সামনে এগুনো যাচ্ছে না। সময় যত যাচ্ছে ততই চারপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ বলেন, আগুন নেভানোর সুবিধার জন্য আশেপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.