Sylhet Today 24 PRINT

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৯

রাজধানীর বনানীর ২২ তলা বিশিষ্ট ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক দিলিপ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানীর এফআর টাওয়ারের কীভাবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তবে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটির প্রধান বা সদস্যদের নাম জানাতে পারেননি তিনি।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের নয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টের স্বেচ্চাসেবীরা দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.