Sylhet Today 24 PRINT

দেশে প্রথমবারের মত 'স্টুডেন্ট কেবিনেট' নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৫

দেশে প্রথমবারের মত হয়ে গেল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা পর্যায়ে 'স্টুডেন্ট কেবিনেট' নির্বাচন। সারাদেশের ১ হাজার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রত্যেক শ্রেণি থেকে ১ জন করে ৫ জন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মধ্য থেকে ৩ জনসহ প্রতিটি স্কুলে ৮ জন প্রতিনিধি নির্বাচন করে শিক্ষার্থীরা।

নির্বাচন পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানান, স্কুলের উন্নয়ন, নানামুখী সৃজনশীল কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই ইতিবাচক রাজনৈতিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে এই আয়োজন।

ভোট মানেই উৎসব, ভোট মানে অবাধ, সুষ্ঠু আর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন। দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে এর ব্যত্যয় দেখা গেলেও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন ছিল পুরোপুরি উৎসবমুখর।

শনিবার সকাল থেকেই নেচে গেয়ে সারিবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে জীবনে প্রথমবারের মতো নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও ছিল না অভিযোগের সুর। জয়-পরাজয় যে ফলাফলই হোক না কেন সবাই মিলে প্রিয় স্কুলের উন্নয়নে কাজ করার প্রত্যয়ই ছিল সবার মুখে মুখে। 

স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া নবম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান অভি এবং আদনান জুবায়ের সিলেটটুডে টুয়েন্টিফোরকে জানান, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সফল ভাবে সম্পন্ন হয়েছে। তারা এ নির্বাচনে অংশ গ্রহণ করতে পেরে ব্যাপক আনন্দিত এবং তারা শিক্ষার্থীদের জন্য আন্তরিক ভাবে কাজ করবেন।   

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.