Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী খুরশীদ আলম

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৯

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশিদ আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় তার প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন তিনি। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়পুরহাটের কৃতী সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম বগুড়ার সংগঠন জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বগুড়ায় যান। সেখানে মম ইন নামের একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন তিনি। রাতে খাবার খেতে গাড়ি নিয়ে শহরের দিকে গিয়েছিলেন।

সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তার প্রাইভেটকারকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, প্রথমে তার সিটি স্ক্যান করা হবে। পরে অবস্থা বুঝে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা হবে। তার চিকিৎসায় সাত সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

নিউরোসার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার বলেছেন, মাথায় রক্তক্ষরণ নেই। দাঁত ভেঙে গেছে বলে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ডাকা লাগতে পারে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.