Sylhet Today 24 PRINT

বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৯

রাজধানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘বনানী থানায় মামলা হয়েছে। দায় অনুযায়ী ব্যবস্থা হবে।’

শনিবার (৩০ মার্চ) দুপুরে পুরান ঢাকার চকবাজার এলাকার সড়কে ওয়ান-ওয়ে (একমুখী) যান চলাচলের ট্রাফিক পদ্ধতি উদ্বোধন শেষে এই তথ্য জানান ডিএমপি কমিশনার।

জানা যায়, পুরান ঢাকার চকবাজারের সড়ক সরু হওয়ায় দুই পাশ দিয়ে গাড়ি চলতে গেলে বাধাপ্রাপ্ত হয়। যানজট লেগেই থাকে। যানজট এড়াতে এই একমুখী যানচলাচল ব্যবস্থা চালু করছে ট্রাফিক বিভাগ।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেছেন, ‘এক সপ্তাহ ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ীরা একমুখী সড়কের যান চলাচলের ব্যবস্থা ফলো করবে। যদি কোথাও কোনও সড়কে সংযোজন-বিয়োজন করতে হয়, তাহলে তারা করবে।’

এর আগে চকবাজার শাহী মসজিদের সামনে মাদকবিরোধী ক্যাম্পেইনে কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নির্বাপণ করা হয়। এই ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে এবং ভবনটির চারটি ফ্লোর ভষ্মীভূত হয়। বর্তমানে ভবনটি পুলিশের দায়িত্বে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.