Sylhet Today 24 PRINT

কথা বলছেন মন্ত্রী, ঘুমাচ্ছেন রাজউক কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৯

রাজধানীর বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাসহ ঢাকায় বিদ্যমান ভবনগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে করণীয় ঠিক করতে বৈঠক করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। সংবাদ সম্মেলনের সময় মন্ত্রীর ঠিক পেছনেই ঘুমাচ্ছিলেন রাজউকের একাধিক কর্মকর্তা।

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর এর অনুমোদন ও তদারকি বিষয়ে রাজউকের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ- এমন সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সংবাদ সম্মেলনে রাজউকের কর্মকর্তাদের ঘুমানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, মন্ত্রীর পেছনে ঘুমানো রাজউকের এক কর্মকর্তার নাম আজহারুল ইসলাম খান। তিনি রাজউকের একজন সদস্য (এস্টেট ও ভূমি)।

সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, রাজধানীর কোন এলাকায় কোন বিল্ডিং পরিকল্পনা পরিপন্থী হয়েছে; নকশা, অনুমোদন, বিল্ডিং কোড মানা হয়নি- এমন হাইরাইজ বিল্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রাজউকের ২৪টি টিম মাঠে নামছে।

এর আগে মন্ত্রী রেজাউল করিম ও রাজউক চেয়ারম্যান আব্দুর রহমানসহ মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন।

গত ২৮ মার্চ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩ তলা ওই ভবনে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক মানুষ। ১৮ তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩ তলা করা হয়েছিল এবং অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের এক মামলায় ওই ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক ও ২১, ২২ ও ২৩ তলার মালিক তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ; অন্য আসামি রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল পলাতক বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.