Sylhet Today 24 PRINT

‘আমার একটু বিশ্রাম দরকার’

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৯

চিকিৎসা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পৌঁছানের পর তাকে নেয়া হয়েছে কেবিনে। সেখানেই তিনি বিশ্রাম নেয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রি. জে. একেএম মাহবুবুল হক।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে খালেদাকে বহনকারী গাড়ি বহর পুরান ঢাকার পুরোনো কারাগার থেকে বের হয়ে ১২টা ৩৬ মিনিটে বিএসএমএমইউতে পৌঁছায়।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রি. জে. একেএম মাহবুবুল হক বলেন, উনি বলেছেন আমার এখন বিশ্রাম প্রয়োজন। ওনার বিশ্রাম শেষ হলে চিকিৎসা শুরু হবে।

হাসপাতালে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল হুইলচেয়ারে করে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালের ভেতরে নেন। খালেদা জিয়াকে ৬২১ নম্বর কেবিনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে, সকালে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে রাজি হন। এরপর খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। এ তথ্য জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে রাজি হয়েছেন। গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউয়ে নেয়ার কথা উঠেছিল। তবে খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে শেষ পর্যন্ত সেবার হাসপাতালে নেয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.