Sylhet Today 24 PRINT

খালেদা জিয়া নিজে হাঁটাচলা করতে পারেন না

ব্রিফিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য নতুন চিকিৎসা বোর্ডও গঠন করা হয়েছে। এই বোর্ড খালেদার স্বাস্থ্য পর্যবেক্ষণ করে ব্যবস্থাপত্র দিয়েছেন। মেডিকেল বোর্ডের ওপর খালেদা জিয়ার আস্থা আছে।

সোমবার দুপুরে খালেদার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

সংবাদ ব্রিফিংয়ে মাহবুবুল হক বলেন, খালেদা জিয়ার হাতে ও পায়ের জয়েন্টে ব্যথা আছে। তার ডায়াবেটিসের মাত্রা কিছুটা বেশি। খাওয়ায় অরুচি আছে। তার ঘুমও কম হচ্ছে। তিনি নিজে হাঁটাচলা করতে পারেন না অন্যের সাপোর্ট নিয়ে তাকে হাঁটতে হয়।

হাসপাতালের পরিচালক বলেন, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত আগের মেডিকেল বোর্ডের প্রধান আবদুল জলিল অবসরে যাওয়ায় গত ২৮ মার্চ মেডিসিন বিভাগের অধ্যাপক জিলান মিয়া সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এই বোর্ডকে সহায়তার জন্য খালেদার দুজন ব্যক্তিগত চিকিৎসকও রয়েছেন। তাকে ৬২১ নম্বর কেবিনে রাখা হয়েছে। এ ছাড়া ৬২২ নম্বর কেবিনে তার ব্যক্তিগত লোকজন আছে।

পরিচালক বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন, তার কাছে রোগের বিস্তারিত শুনেছেন। তারা সেগুলো পর্যবেক্ষণ করে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করে ব্যবস্থাপত্র দিয়েছেন। তার ডায়াবেটিস আগেই ছিল। এটি বেড়েছে। আজকে খাবার পর র‌্যানডম ১৪ এসেছে। এ ছাড়া খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ ও চিকিৎসায় একজন চিকিৎসক প্রতিদিন নিয়োজিত থাকবেন। তিনি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দেবেন। খালেদা জিয়া মেডিকেল বোর্ড সদস্যদের সামনে বসে কথা বলেছেন। খুব ভালোভাবে কথা বলেছেন। মেডিকেল বোর্ডের কাছ থেকে সুন্দরভাবে চিকিৎসাপত্র নিয়েছেন। বোর্ডের প্রতি ওনার আস্থা আছে। তাকে দেখেছি, উনি হ্যাপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.