Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সাথে শ্যাম বেনেগালের সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৯

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও চিত্র পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হবে। শ্যাম বেনেগাল এই চলচ্চিত্রটি (বায়োপিক) পরিচালনা করবেন।

এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বুধবার বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্যাম বেনেগাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘মুজিব বর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হবে।’

চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক কমিটিতে বাংলাদেশ পক্ষের নেতৃত্বে রয়েছেন।
সূত্র: বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.