Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে ফায়ারম্যান সোহেল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৯

বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চালাতে গিয়ে গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।

গত ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারের সময়ে ল্যাডারের সিঁড়িতে আটকে রানার পা ভেঙে যায়। পেটেও গুরুতর আঘাত পান তিনি। ওইদিন থেকেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

সংস্থাটির উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, সিএমএইচের চিকিৎসকদের পরামর্শেই রানাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তারা রানাকে সুস্থ করে তুলতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না। পেটের ক্ষতটা খুব সমস্যা করছিল। সে কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

আহত সোহেল রানা কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান। সেদিনের ঘটনার বিবরণ দিয়ে ওই স্টেশনের ঊর্ধ্বতন স্টেশন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, রানাসহ কয়েকজন ল্যাডারে (স্বয়ংক্রিয় মই) করে আটকেপড়া ব্যক্তিদের নামিয়ে আনছিলেন। একটি ল্যাডারে সর্বোচ্চ চার থেকে ছয়জনকে উদ্ধার করা যায়। কিন্তু রানাসহ তিনজন ল্যাডারে ছিল। তখন আগুনে আটকেপড়া বেশিসংখ্যক লোককে সুযোগ করে দিতে রানা জীবনের ঝুঁকি নিয়ে ল্যাডারের সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন। কিন্তু ল্যাডারটি যখন স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে নেমে আসছিল, তখনই হঠাৎ করে রানার পা মইয়ের ভেতরে আটকে গিয়ে ভেঙে কয়েক ভাগ হয়ে যায়। একই সময়ে সেফটি বেল্টে চাপ লেগে তার পেট ছিদ্র হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.