Sylhet Today 24 PRINT

৭ দিনের রিমান্ডে ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে

চুড়িহাট্টা ট্র্যাজেডি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৯

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধ কর্মকর্তা (জিআরও) মাঝহারুল ইসলাম এসব তথ্য জানান।

হাইকোর্টের তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষে ২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

এর আগে ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই আসামিকে তিন সপ্তাহের আগাম জামিন দেন।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় আগুন লাগে। এতে ৭১ জন প্রাণ হারান এবং আহত হন অনেকে। পরে ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.