Sylhet Today 24 PRINT

নিলয় হত্যা: ১৩ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ ও ক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৫

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যায় উদ্বেগ, ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ১৩ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা নীলাদ্রিসহ মুক্তচিন্তার অধিকারী সব ব্যক্তির হত্যার দ্রুত বিচার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ্‌ আহমেদ সই করে বিবৃতিটি পাঠান। এতে দল-মতনির্বিশেষে দেশবাসীকে ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান, সুলতানা কামাল, বিচারপতি এবাদুল হক, অজয় রায়, ড. আকবর আলি খান, কামাল লোহানী, ডা. সারওয়ার আলী, অধ্যাপক অজয় রায়, আবেদ খান, রামেন্দু মজুমদার, অধ্যাপক এম এম আকাশ, জিয়াউদ্দিন তারেক আলী ও অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার।

বিবৃতিতে নাগরিকেরা বলেন, মুক্তচিন্তা প্রকাশ করার কারণে দুই বছর ধরে দেশে সক্রিয় একটি উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠী নিয়মিত অনলাইন অ্যাকটিভিস্টদের হত্যা করে চলেছে। এখন পর্যন্ত হত্যাকারীদের কাউকে বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। এই ব্যর্থতা একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যেতে ঘাতকদের উৎসাহিত করেছে। এর ফলে নীলাদ্রিকেও তারা হত্যার সাহস পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.