Sylhet Today 24 PRINT

নিলয় হত্যা: থানা পুলিশ থেকে মামলা যাচ্ছে ডিবিতে!

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৫

ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যা মামলা থানা পুলিশ থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে। নিলয়ের স্ত্রী আশামনি হত্যাকাণ্ডের দিনগত রাতে খিলগাঁও থানায় মামলা করেছিলেন।

রবিবার (০৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র এ তথ্য জানায়।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মুনতাসিরুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে ব্লগার নিলয় হত্যা মামলাটি ডিবিতে হস্তান্তরের আদেশ পাওয়া গেছে। তবে এখনও পুলিশের কাছ থেকে নথিপত্র বুঝে নেয়নি ডিবি।

হত্যার ঘটনাস্থল খিলগাঁও পূর্ব গোড়ানে হওয়ায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পূর্ব বিভাগের হাতে এই তদন্ত ভার দেওয়া হবে। ইতোমধ্যে চিঠি-পত্র আদান-প্রদান হয়েছে। শিগগিরি ডিবি পুলিশ এই নথি-পত্র বুঝে নেবে বলেও জানান ডিসি মুনতাসিরুল ইসলাম।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে খিলগাঁও পূর্ব গোড়ান এলাকার ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলার বাম পাশের ফ্ল্যাটে অজ্ঞাত পরিচয় ৪ যুবক প্রবেশ করে নিলয় নীলকে হত্যা করে। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর সে স্থান ত্যাগ করে।

ওইদিন রাত ১১টা ৫৫মিনিটে নিহত ব্লগার নিলয়ের স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১১) দায়ের করেন।

ব্লগার নিলয় নীলের হত্যাকাণ্ড এ বছরের গত ছয় মাসের মধ্যে চতুর্থ ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে অভিজিৎ রায়, মার্চে ওয়াশিকুর রহমান বাবু, মে মাসে অনন্ত বিজয় দাশ এবং এ মাসের সাত তারিখে ব্লগার নিলয় নীলকে হত্যা করে জঙ্গিরা।

হত্যাকাণ্ডের আগে হুমকি এবং হত্যার পর আনসারুল্লাহ বাংলা টিম, আলকায়েদা, আনসার আল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হলেও পুলিশ এসব মামলার কোন কুলকিনারা করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.