Sylhet Today 24 PRINT

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৯

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।’

রোববার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘সবার জীবন শুভ হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। নববর্ষে এই কামনা করি। তার সরকারের লক্ষ্য জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলা। যে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে গড়ে উঠবে সুখী-সমৃদ্ধশীল বাংলাদেশ। আর এজন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।’

দলীয় নেতাকর্মীদের চাওয়া-পাওয়া ভুলে দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।

দলকে নির্বাচনে জয়ী করে সরকারে আনার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সামরিক-বেসামরিক আমলা, বিচারপতি, কূটনীতিক, দলীয় নেতাকর্মীসহ বিপুল পরিমাণ সাধারণ মানুষ অংশ নেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই দেশবাসীসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যরাও তাকে শুভেচ্ছা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.