সিলেটটুডে ডেস্ক | ১০ আগস্ট, ২০১৫
''যারা ব্লগারদের হত্যার সঙ্গে জড়িত এবং যারা হযরত মুহাম্মদ (সা.), ধর্ম ও কোরআন নিয়ে যুক্তিহীনভাবে ব্লগে লেখালেখি করেন তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। কারণ যারা যুক্তিহীনভাবে ধর্ম নিয়ে ব্লগে লেখেন তারাও উগ্রবাদী।''
রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সোমবার (১০ আগস্ট) দুপুরে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।
মনিরুল ইসলাম বলেন, যারা সীমালঙ্ঘন করে লিখছেন তারা যেমন উগ্রবাদী, একইভাবে যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছেন তারাও উগ্রবাদী।
তিনি বলেন, আগের ব্লগার হত্যাকাণ্ডগুলোর সঙ্গে নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়ের হত্যাকাণ্ডের কিছু মিল রয়েছে। আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি, আনসারুল্লাহ বাংলাটিমের ছোট ছোট গ্রুপ যেমন- আনসার আল-ইসলাম, আনসার আল-বাংলাদেশ, সারা দেশে ছড়িয়ে পড়ে এ হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে।
মনিরুল ইসলাম আরও বলেন, দীর্ঘসূত্রিতার কারণেই এফবিআইয়ের কাছ থেকে এ মুহূর্তে সহায়তা নেওয়া হচ্ছে না। আলামতগুলো তাদের ল্যাবে পাঠালে রিপোর্ট পেতে সময় লাগবে। দ্রুত ব্যবস্থা নিতেই বাংলাদেশের ফরেনসিক বিভাগে এগুলো পাঠানো হয়েছে।
মামলা হস্তান্তরের পর সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন ডিবি কর্মকর্তারা। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন।
তিনি আরও বলেন, ''হত্যাকাণ্ডের সময় নিলয়ের একটি ল্যাপটপ ও সিমফোনি মোবাইল ফোন খোয়া গেছে। নিজস্ব গুপ্তচর ও প্রযুক্তিগত সহায়তায় এগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আনসার আল ইসলামের ইমেইল ও ফেসবুক আইডি সনাক্তের চেষ্টা চলছে।''