Sylhet Today 24 PRINT

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৯

বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ডাকা ধর্মঘট কর্মসূচি সরকারের আশ্বাসে প্রত্যাহার করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

সোমবার রাতে শ্রম অধিদপ্তরে শ্রম প্রতিমন্ত্রী ও বিজেএমসির সঙ্গে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নেতাদের সাথে বৈঠক শেষে এ কর্মসূচি প্রত্যাহার ঘোষণা আসে।

প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবিতে ২ এপ্রিল ৭২ ঘণ্টার ধর্মঘট এবং রাজপথ-রেলপথ অবরোধসহ কর্মসূচি পালন করেছিল দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় একই সোমবার পাটকল শ্রমিকরা আবারও ৯৬ ঘণ্টার ধর্মঘটসহ আন্দোলনে নামে।

শ্রমিক অসন্তোষ নিরসনে সোমবার সন্ধ্যায় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বৈঠকে তিনি জানান, উৎপাদন ও শ্রমিকের স্বার্থে উত্থাপিত দাবি-দাওয়া বিবেচনা করবে সরকার।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক শেষে শ্রমিক নেতারা আন্দোলন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন বলে জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ. কে. এম. মিজানুর রহমান। পাটকল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চুন্নু কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ৮ মে শ্রমিকদের অন্যান্য দাবিদাওয়া নিয়ে আবারও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.