Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যায় গ্রেপ্তার মণি ৫ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৯

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে গ্রেপ্তার কামরুন নাহার মণির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত।

বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন আদালতে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান হাবীব।

মণিকে আজ ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফউদ্দিন আহমেদের আদালতে হাজির করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম বলেন, মণির ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ওই নারীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে কামরুন নাহার মণিকে ফেনী শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মণি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী পাঁচজনের একজন, যাকে পুলিশ খুঁজছিল।

মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন রোববার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তাদের সেই জবানবন্দি থেকে গ্রেপ্তারকৃত মণির নাম উঠে আসে।

নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি এখনো চলছে। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আটজনের মধ্যে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.