Sylhet Today 24 PRINT

সম্প্রসারিত শ্রমবাজার: মাসে ৫০ হাজার কর্মী চায় মালয়েশিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৫

গত তিন বছরে মাত্র ১১ হাজার বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেলেও এবার বাংলাদেশ থেকে প্রতি মাসে ৫০ হাজার কর্মী নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে মালয়েশিয়া।

সোমবার (১০ জুলাই) রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে বৈঠকে এ তথ্য জানাতে চায় সফরত মালয়েশিয়ান প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি আজ মঙ্গলবার (১১ জুলাই) প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গে সাক্ষাৎ করবে।

সফররত প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে সক্ষম হলে মাসে ৫০ হাজার পর্যন্ত কর্মী নিতে পারে মালয়েশিয়া।

বৈঠক শেষে বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার বলেন, 'প্রতিনিধি দল জানতে চেয়েছে মাসে ৫০ হাজার কর্মী চাইলে বাংলাদেশ তা দিতে সক্ষম কিনা? আমরা তাদের জানিয়েছি, ১৫ দিনেই ৩০ হাজার কর্মী দিতে পারব। তারা যদি বছরে ৫ লাখ কর্মী নেয়, তা জোগান দিতেও সক্ষম বাংলাদেশ।'

তিনি জানান, প্রশিক্ষিত কর্মী চায় মালয়েশিয়া। বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্র দেখে তারা সন্তুষ্ট হয়েছে।

মালয়েশিয়ার বহির্গমন বিভাগের মহাপরিচালক মোস্তফা বিন ইব্রাহিমের নেতৃত্বে দেশটির চার সদস্যের প্রতিনিধি দল গত রবিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে।

বিভিন্ন কারণে ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তিন বছর বন্ধ থাকার পর ২০১২ সালের ২৬ নভেম্বর সরকারিভাবে (জিটুজি) কর্মী পাঠাতে দুই দেশের চুক্তি হয়। তবে ওই চুক্তির আওতায় গত সাড়ে তিন বছরে মাত্র ১১ হাজার বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন।

এতে অবৈধপথে বিশেষ করে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। মানবপাচারের এ বিষয়টি বিশ্বব্যাপী আলোচিত হয়। এমন পরিস্থিতিতে আবারও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। তবে এবার বেসরকারি রফতানিকারকরাই (বিটুবি) কর্মী পাঠাবেন।

বৈঠক শেষে রাজধানীর দারুস সালামে বাংলাদেশ-কোরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে প্রতিনিধি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.