Sylhet Today 24 PRINT

কৃত্রিম পা পেলেন রাসেল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৯

গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো রাসেল সরকারের কৃত্রিম পা সংযোজন করেছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক এটি সংযুক্ত করেন।

মোহাম্মদ শফিক জানান, রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, কয়েকদিন আগে তার পায়ের সম্পূর্ণ পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর আজ বৃহস্পতিবার রাসেলের নতুন পা সংযোজন করা হয়েছে। তার এ পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। আর এই সময়ের মধ্যে নতুন এই পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে বলেও জানান সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান।

রাসেল বলেন, ‘পা লাগানোর পর আমার আগের জীবনের কথা মনে পরে গেলো। আজ থেকে এক বছর আগের কথা মনে পরলে আমার গা শিউরে উঠে। সেই সময় মনে হয়েছিলো যেন মরে যাই। কিন্তু সিআরপিতে এসে আমার নতুন জীবন খুঁজে পেয়েছি।

এ সময় সিআরপি ও এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান রাসেল।

গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা রাসেল সরকার রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.