সিলেটটুডে ডেস্ক | ১১ আগস্ট, ২০১৫
বিচারাধীন বিষয় নিয়ে গণমাধ্যমে আলোচনার পর একাত্তর টিভির একাত্তর জার্নালে প্রচারিত টকশো’র কপি ১৬ আগস্টের মধ্যে আপিল বিভাগে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে দুই বিচারপতির কথোপকথন জমা নিলেও তা শোনানো হয়নি অথচ একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নাল নামক এক টকশো’তে সে কথোপকথনের রেকর্ড শোনানো হয়।
সোমবার (১০ আগস্ট) রাতে ড. আমেনা মহসিন ও সাংবাদিক মঞ্জুরুল ইসলামের অংশগ্রহণে ওই টকশোতে প্রধান বিচারপতি এসকে সিনহা ও আরেকজন বিচারপতির কথোপকথনের রেকর্ড শোনানো হয়।
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি নিবন্ধের কারণে সাকা চৌধুরীর চূড়ান্ত রায়ের দিন দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আপিল বিভাগের স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারির পর থেকে বিষয়টির শুরু।
আদালতে জনকন্ঠের সম্পাদক ও সাংবাদিকের আইনজীবী ওই বিষয়ে আত্নপক্ষ সমর্থনে কথোপকথনের অনুলিখন পেশ করেন। আদালতে জনকণ্ঠের আইনজীবী কথপোকথনের সিডিও জমা দেন। কিন্তু আদালতে নিবন্ধটি পাঠ করে শোনানো হলেও কথোপকথনের অনুলিখন বা সিডি, কোনোটিই শোনানো হয়নি।
ওই কথোপকথনই পরে একাত্তরের টকশো-তে প্রচার হয়। অনুষ্ঠানে ফোন-ইনে জনকণ্ঠের আইনজীবী সালাহউদ্দিন দোলন আদালতে কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, তার ব্যাখা দেন। এরপর বিচারপতিদের এখতিয়ারসহ উচিত-অনুচিত বিষয়ে টকশো'র অতিথিরা আলোচনায় অংশ নেন। এই টকশো'র ভিডিও কপি জমা দিতে বলেছেন আপিল বিভাগ।
উল্লেখ্য, বিচারাধীন এ বিষয়ে একাত্তর টিভিতে টকশো’তে আলোচনার পাশাপাশি দৈনিক জনকণ্ঠেও কিছু অংশ প্রকাশিত হয়।