নিউজ ডেস্ক | ১১ আগস্ট, ২০১৫
ব্লগে বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১১ আগস্ট) গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ব্লগে বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের যথেষ্ট প্রমাণ ও ক্লু আমাদের হাতে আছে। আমরা অনুমান-নির্ভর কোনো কিছু করতে চাই না। সব তথ্য যাচাই করে আসল অপরাধী ধরার চেষ্টা করছি।
‘নিলয় যে থানায় জিডি করতে গিয়েছিলেন, সে থানার ওসি জিডি না নিয়ে তাকে বিদেশে চলে যেতে বলেছিলেন বলে পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে। তারপরও কোন খুঁটির জোরে তিনি স্বপদে বহাল রয়েছেন’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এমন কিছু প্রমাণ হয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেবো।