Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কায় দুই বাংলাদেশি নিখোঁজ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনার পর থেকে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

রোববার (২১ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। চার সদস্যর পরিবারটি শ্রীলঙ্কার বেড়াতে গিয়েছিল।

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা আশা করছি, তারা কোনো হোটেলে বা হাসপাতালে রয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।’

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সকালে জানান, দুজন বিদেশি নিহত হওয়ার কথা শুনেছেন তিনি। তবে তারা কোনো দেশের নাগরিক, তা শ্রীলঙ্কার কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় সকালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়। এতে এখন পর্যন্ত ১৫৬ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জন বিদেশি।

আক্রান্ত তিনটি গির্জা হচ্ছে—কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। হোটেল তিনটি হলো—কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর বাইরে নতুন করে আরেকটি হোটেলে বিস্ফোরণে দুজন নিহত হয়েছে।

বোমা হামলার পরিপ্রেক্ষিতে বিকেলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.