Sylhet Today 24 PRINT

জঙ্গি মৌলবাদীর হুমকিতে আরও ৬ প্রগতিশীল লেখক, সংগঠক

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৫

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) খুন হওয়ার তিন দিনের মাথায় বরিশালে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছয় লেখক, সংগঠককের ছবি দিয়ে ‘আনসার বিডি’ নামের একটি ফেসবুক একাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে।

ফেসবুকে এ ছয় জনের ছবি সম্বলিত পোস্ট দিয়ে বরিশাল অঞ্চলে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ‘আনসার বিডি’।  সোমবার (১০ আগস্ট) রাত ৯:৪১ মিনিটে আনসার বিডি’র এ পোস্টের পর উল্লেখিত লেখক, সংগঠকদের ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো হয়। 

ফেসবুকে আসা ‘আনসার বিডির’ ওই পোস্টে কবি হেনরী স্বপন, ভাস্কর্য শিল্পী চারু তুহিন, কবি সৈয়দ মেহেদী হাসান, সংগঠক নজরুল বিশ্বাস, কবি তুহিন দাস ও ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক প্রীতম চৌধুরীর ছবি দেওয়া হয়েছে।

পোস্টে লেখা হয়েছে- “মাশাআল্লাহ, আমরা সফলভাবে বরিশালে কার্যক্রম শুরু করেছি। আমরা এ বিভাগে সফলভাবে কাজ শুরু করেছি। এখানে ইসলামবিরোধী তিনজন কবি এবং তিনজন ব্লগার সংগঠক আছে। তারা ইসলামের শত্রু। আমাদের যা লক্ষ্য তা আমাদের করা উচিৎ।”

নিলয় হত্যার পর আনসার আল ইসলাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যম কার্যালয়ে ই মেইল পাঠিয়ে দায় স্বীকার করা হয়েছিল। সেখানে আনসার আল ইসলামকে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা বলা হয়েছিল।

এর আগে ব্লগার ড. অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ এবং নিলয় নীলের হত্যাকাণ্ডের পর জঙ্গিবাদী এসব সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছিল।

ইসলাম বিরোধী তথা ইসলামের শত্রু আখ্যা দেওয়াকে পুরোনো কৌশল উল্লেখ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক প্রীতম চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন- একাত্তরেও ওরা একই রকম রটনা রটিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা জায়েজ করেছিল।

প্রীতম চোধুরী আরও বলেন- আমাদের মূল অপরাধ আমরা রাজাকারের ফাঁসি চেয়েছিলাম, আমরা ধর্মান্ধতার বিরোধিতা করি, আমরা মৌলবাদের বিপক্ষে কথা বলি। এ কারণেই আমাদেরকে টার্গেট করেছে তারা।

হুমকিদাতাদের আসল টার্গেট গণজাগরণ আন্দোলনের কর্মী-সংগঠকরা বলে উল্লেখ করেন তিনি।

‘আনসার বিডি’র ফেসবুকে হুমকির প্রেক্ষিতে প্রীতম বলেন- এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলেছে তারা বিষয়টিকে আমলে নিচ্ছে এবং কেউ ফলো করে কিনা, বা কোন সন্দেহভাজন কিছু হলে তাদেরকে অবহিত করতে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) শাহবাগ গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয়ের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে চলতিবছর চারজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট একই কায়দায় খুন হলেন, যারা সবাই ধর্মীয় গোড়ামীর বিরুদ্ধে লেখালেখিতে যুক্ত ছিলেন, বিভিন্নভাবে যুক্ত ছিলেন গণজাগরণ আন্দোলনের সঙ্গে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরু হয়। এরপর বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে সবাই একাত্ম হয় ওই দাবির সঙ্গে সংহতি জানায় ছাত্র-জনতা ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.