Sylhet Today 24 PRINT

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি :অনুভূতিতে আঘাত দিলে ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে ব্লগারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ব্লগে বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিলয়ের হত্যাকাণ্ডে তদন্ত চলছে। আমরা অনুমান করে কোনো পদক্ষেপ নিচ্ছি না। আশা করছি হত্যাকারীদের আমরা গ্রেফতার করতে পারব।

এর আগে গত ৯ আগস্ট ব্লগারদের লেখার ক্ষেত্রে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। লিখতে গিয়ে সীমা লঙ্ঘন করবেন না।’

আইজিপি জানান, তবে কোনো লেখার দ্বারা কারো যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে তিনি যেন মামলা করেন। কারণ এ মামলায় ১৪ বছরের শাস্তির বিধান অাছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.