Sylhet Today 24 PRINT

রঙ-তুলিতে জাতির পিতাকে শ্রদ্ধা

নিউজ ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৫

রঙ-তুলির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানালেন দেশবরেণ্য চিত্রশিল্পীরা। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তার জীবন ও কর্মকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তারা।

আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে ‘রঙ-তুলিতে শোকগাথা’ শীর্ষক দিনব্যাপী এ চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করা হয়।

চিত্রশিল্পীদের বেশিরভাগই তাদের আঁকার বিষয়বস্তু হিসেবে ৭৫ এর ১৫ আগস্টের সেই ভয়াল কালো রাতের চিত্র ফুটিয়ে তোলেন। এছাড়া ২৫ মার্চের কালো রাতসহ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক শিল্পীদের রঙ-তুলিতে ফুটে ওঠে।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এদিন রঙ-তুলি হাতে নিয়েছেন দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, বিরেন সোম, আবুল বারক আলভী, জামাল আহমেদ, আবদুল মান্নান, শামসুদ্দোহা, বিশ্বজিৎ গোস্বামী, নিসার হোসেন, শেখ আফজাল, মো. মনিরুজ্জামান, হেলাল উদ্দিন সরকার, খালিদ মাহমুদ মিঠু, কনক চাপা চাকমা, বিপাশা হায়াত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

ছবি এঁকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য বরেণ্য এ শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহাবুব-উল-আলম হানিফ বলেন, একাত্তরের ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে পরাজয়ের চরম প্রতিশোধ নেয়। সেই ঘাতকচক্র এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ভয় পায় বলেই নতুন করে চক্রান্ত শুরু করেছে। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যার নীলনকশা এঁকে চলেছে। যে যার অবস্থানে থেকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের রুখে দিতে হবে।

এদিকে রঙ-তুলিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ছবি আঁকার সময় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন। শোকের ছবি আঁকার সময় একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

চিত্রশিল্পী বিরেন সোম তার ছবির বিষয়বস্তু হিসেবে নিয়েছেন ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিকে। ছবিতে তিনি ওই রাতের বঙ্গবন্ধুকে তুলে এনেছেন। নিজের ছবির বিষয়বস্তু তুলে ধরে বিরেন সোম বলেন, জীবনে অনেক বড় বড় ক্যানভাসে ছবি আঁকার সুযোগ হয়েছে। তবে, বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বমানের নেতাকে নিয়ে অনেকে মিলে একত্রে এ রকম ছবি আঁকার সুযোগ আগে সে রকম হয়নি। যে ভবনে ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল সেখানটাতে বসে সেই ছবি আঁকায় অন্যরকম একটা আবেগ কাজ করছে। এখানে ভালোলাগা ও কষ্ট দুই ধরনের অনুভূতি কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.