Sylhet Today 24 PRINT

‘রেলসেবা’ অ্যাপ চালু, প্রথম টিকিট কাটলেন রেলমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৯

বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয় সহজীকরণসহ যাত্রীসেবা নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ মোবাইল অ্যাপ ‘রেলসেবা’র উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রোববার বিকেলে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নিজে এই অ্যাপ থেকে টিকিট কেটে এ অ্যাপ উদ্বোধন করেন।

এদিন  বিকেল সাড়ে ৫টায় কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী সেবাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, আমি টিকিট কেটে এই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এখন থেকে রেলের ৫০ শতাংশ টিকিট এই অ্যাপের মাধ্যমেই কাটতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে পাঁচশ ব্যক্তি একই সময়ে এই অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন। ঘণ্টায় ১৫ হাজার টিকিট বিক্রি করার সক্ষমতা রয়েছে এই অ্যাপের। ভবিষ্যতে অ্যাপ থেকে টিকিট বিক্রির সক্ষমতা আরও বাড়ানো হবে।

জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধন করা যাবে। একই আইডি থেকে একবারে চারটি আসনের জন্য টিকিট সংগ্রহ করা যাবে। আর দিনে দুই বার চারটি করে আটটি পর্যন্ত আসনের টিকিট কাটতে পারবেন যে কেউ।

টিকিট কাটা ছাড়াও এই অ্যাপ থেকে প্রতিটি ট্রেনের স্টেশনগুলোতে ট্রেন থামার সময়সূচী ও টিকিটের প্রাপ্যতার তথ্য পাওয়া যাবে। এছাড়া ট্রেনের অবস্থানও ট্র্যাকিং করা যাবে। প্লেস্টোরে অবমুক্ত করা অ্যাপটি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে সিএনএসবিডি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.