Sylhet Today 24 PRINT

দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার অর্থদণ্ড স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৯

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড বাতিল ও খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট। পাশাপাশি বিচারিক আদালতের রায়ে দেওয়া অর্থদণ্ড ও সম্পত্তি জব্দের নির্দেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুছ জামানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

তবে এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর হয়নি। দুই মাসের মধ্যে মামলার নথি চেয়ে আদালত বলেছে, নথি পাওয়ার পর জামিনের বিষয়ে বিবেচনা করা হবে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন ফিরকার, মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.