Sylhet Today 24 PRINT

ঢাকায় পুলিশের ওপর হামলার ‘দায় স্বীকার আইএসের’

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৯

ঢাকায় পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর জানায়।

সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাসের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে ওই হাতবোমা বিস্ফোরণে ট্রাফিক পুলিশের দুই সদস্য এবং একজন আনসার সদস্য আহত হন।

পরে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়, দুই বছরের বেশি সময় পর প্রথম বাংলাদেশে হামলার, ঢাকায় পুলিশ সদস্যদের ওপর বোমা নিক্ষেপের, দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শিবলী নোমান জানান, বিষয়টি জানি। এটা সঠিক আইএস কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সব বিষয়গুলোকে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

গুলিস্তানে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বলে শিবলী নোমান জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে ক্যাফেতে জঙ্গি হামলাসহ বিভিন্ন হামলার ঘটনায় আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স।

তবে মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের সরাসরি সম্পৃক্ততার কথা উড়িয়ে দেয় সরকার। আইনশৃঙ্খলা বাহিনী বলে আসছে, বাংলাদেশে বাইরের কোনো জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। ‘দেশে জন্ম নেওয়া জঙ্গিরা’ আইএস দ্বারা অনুপ্রাণিত হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.