Sylhet Today 24 PRINT

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৯

ঘূর্ণিঝড় ফণী ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। ফণী আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টি দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় উপকূলীয় জেলাগুলোর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও জরুরি সাড়াদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনার সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (১ মে) থেকে তাদেরকে অব্যাহতভাবে নিজ স্টেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শাখাও বুধবার থেকে অব্যাহতভাবে যথারীতি খোলা থাকবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের জন্য বিকাল চারটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্য সচিব আহমাদুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড় ফণীর জন্য আলাদা কোনও কন্ট্রোল রুম খোলা হয়নি তবে অধিদপ্তরের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঘূর্ণিঝড় ফণীর জন্য কন্ট্রোল রুমে আরও লোক সেখানে দেওয়া হয়েছে।

জরুরি সাড়াদান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এই তথ্য জানান।

ফণীর গতিপথ সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও সম্ভাব্য পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্মেলন কক্ষসহ অফিস খোলা রাখা প্রয়োজন।

এ অবস্থায় ১,৩ ও ৪ মে সকাল ৯টা থেকে এ মন্ত্রণালয়ে কলাপসিবল গেটসহ অফিসের রুমগুলো এবং সম্মেলন রুম খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোমেনা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.