Sylhet Today 24 PRINT

সুলতানা কামালকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৯

মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। এতে হুমকির বিষয়টি উল্লেখ করে তিনি নিরাপত্তা চেয়েছেন।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, অভিযোগ পাওয়ার পর তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বাসার আশপাশে টহল বাড়ানো হয়েছে। হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্র জানায়, একটি জঙ্গিগোষ্ঠী মার্চে তাদের অনলাইনভিত্তিক প্রকাশনায় তিন বিশিষ্ট নাগরিককে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করেছে। এর মধ্যে সুলতানা কামালের নামও রয়েছে। এ কারণে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

জিডিতে বলা হয়েছে, হুমকির ঘটনায় এরই মধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। সুলতানা কামালের নিরাপত্তায় সরকার কী ব্যবস্থা নিয়েছে, সেটাও তারা জানতে চেয়েছে।

হত্যার হুমকি দেওয়ার বিষয়টি ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকেও অবহিত করেছে ধানমণ্ডি থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.