Sylhet Today 24 PRINT

সম্পদ সম্পর্কিত দুর্নীতি মামলায় মাহমুদুর রহমান দণ্ডিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৫

সম্পদ সম্পর্কিত দুর্নীতি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দণ্ডিত হয়েছেন। দুদকের নোটিশ পেয়েও তিনি তার সম্পদের বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলা দায়ের করে।

মাহমুদুর রহমানকে এ মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরেও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ রায় ঘোষণা করেন রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত।

মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ কারাদণ্ডের বিষয়টি জানিয়েছেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

রায় শোনাতে মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়েছিল। সাজার পরোয়ানা দিয়ে তাকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

সম্পদের হিসাব বিবরণী চেয়ে ২০১০ সালের ১৩ এপ্রিল মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। তিনি হিসাব দাখিল না করায় একই বছরের ১৬ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নুর হোসেন মামলা দায়ের করেন। এরপর ১৪ জুলাই এ মামলার চার্জশিট দাখিল করা হয়।

গত বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে আছেন। গত বছরের ১৩ জুলাই তাকে দুদকের দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.