Sylhet Today 24 PRINT

ঈদের ৩ দিন আগে মহাসড়কে বন্ধ ট্রাক-কাভার্ডভ্যান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৯

আসন্ন ঈদে দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীচাপ সামাল দিতে কিছু ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে সড়ক বিভাগ। ঈদের সময় সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এছাড়া বাড়তি চাপ সামলাতে ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ মে) সচিবালয়ে সড়ক বিভাগের সভা শেষে সচিব নজরুল ইসলাম এ কথা জানান।

এমনিতে দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

এদিকে রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। এরপর দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় অফিস বন্ধ থাকবে ৮ জুন পর্যন্ত।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। তার আগে দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি শুরুর আগে মে মাসের শেষ থেকেই মহাসড়কে শুরু হয়ে যাবে ঈদযাত্রার ভিড়।

এ কারণে এবার ঈদের সাত দিন আগে থেকেই সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয় সভায়।

পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.