Sylhet Today 24 PRINT

রোববার মায়ের কোলে যাচ্ছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া

নিউজ ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৫

মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ নবজাতক সুরাইয়া বেগমের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। কমেছে জন্ডিস।শরীরে জখমের সেলাই শুকিয়ে এসেছে।  ওজনও কিছুটা বেড়েছে। চিকিৎসকরা বলছেন, ২২ দিনের শিশু সুরাইয়ার শারীরিক অবস্থা এখনই শঙ্কামুক্ত বলা যাবে না। তবে আস্তে আস্তে সেরে উঠছে। এমন অবস্থা অব্যাহত থাকলে আগামী রবিবার তাকে মায়ের কাছে কেবিনে দেওয়া হবে।

বর্তমানে সুরাইয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলীর চিকিৎসাধীন। বৃহস্পতিবার এ চিকিৎসক বলেন, 'বাচ্চাটার অবস্থা এখন বেশ ভালো। জন্ডিস কমেছে। সব সেলাই কাটা হয়েছে। ঘা শুকিয়ে এসেছে। দুই ঘণ্টা পরপর মা এসে দুধ খাইয়ে যাচ্ছে। আমরা আশা করছি, আগামী রবিবার ওকে মায়ের কাছে কেবিনে দিয়ে দেব।'

চিকিৎসক অরোও বলেন, '২২ দিনে ওর ওজন এক কেজি ৮৮০ গ্রাম। এখন বাড়তে শুরু করেছে। প্রথমে জেনেছিলাম ৩৪ সপ্তাহে সুরাইয়ার জন্ম হয়েছে। পরে শুনলাম ৩৩ সপ্তাহ। এমন আগে জন্ম নেওয়া শিশুদের সহজেই ঝুঁকিমুক্ত বলা যায় না। তার ওপর ওর জীবনের ওপর বড় আঘাত এসেছে। তবে বলা যায়, সে শঙ্কামুক্ত হয়ে উঠছে।'

এদিকে সুরাইয়ার শারীরিক উন্নতিতে বেশ খুশি তার মা ও বাবা। তাঁরা গুলিবিদ্ধ শিশুটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, 'দুই ঘণ্টা পর পর গিয়ে ওরে দুধ খাওয়াইয়া আসতাছি। সে এখন আগের চেয়ে একটু বেশি খায়। তবে এখনো দুর্বল। রবিবার আমার কাছে দিব শুইনা ভালা লাগতাছে।' বাবা বাচ্চু ভুইয়া বলেন, 'এখন অনেকটা ভালো লাগছে। ডাক্তাররা বলছেন, মায়ের অবস্থা ভালো। মেয়েও সুস্থ হচ্ছে। রবিবারে নাকি তাকে কেবিনে দিবে।'

গত ২৩ জুলাই মাগুরার দোয়াপাড়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। এতে নাজমার গর্ভের শিশুও গুলিবিদ্ধ হয়। এর ফলে মাগুরায় জরুরি অস্ত্রোপচারে নাজমা গুলিবিদ্ধ সন্তান জন্ম দেন। পরে গত ২৫ জুলাই ওই শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়, যার নাম রাখা হয় সুরাইয়া বেগম। পরবর্তী সময়ে গত ৩০ জুলাই মা নাজমাকেও একই হাসপাতালে আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.