Sylhet Today 24 PRINT

রাজধানীর বাড্ডায় আওয়ামীলীগ নেতাসহ তিন জনকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৫

রাজধানীর মধ্যবাড্ডা পানির ট্যাংকি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ তিন জন নিহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অরো একজন।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বাড্ডার আদর্শ নগর লিংক রোড মধুবন বেকারীর সামনে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, নিহতরা হলেন শামসুদ্দিন মোল্লা শামসু, ফিরোজ আহমেদ মানিক ও মাহবুবুর রহমান গামা।

আহত অপর ব্যাক্তির নাম আব্দুস সালাম। নিহতদের মধ্যে শামসু মোল্লা ঢাকা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক, মাহবুবুর রহমান গামা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সহ সাহিত্য বিষয়ক সম্পাদক ও ফিরোজ আহমেদ স্থানীয় এক হাসপাতালের তত্বাবধায়ক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পকিবার রাত নয়টার দিকে সাত-আটজন ব্যক্তি মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় পানির পাম্পের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ করছিলেন।

এ সময় আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান, হাসপাতালের কর্মকর্তা ফিরোজ, রিকশা গ্যারেজের মালিক আবদুস সালাম চেয়ারে বসে ছিলেন। বাকিরা তাঁদের আশপাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় তিন যুবক অতর্কিতে দৌড়ে এসে চেয়ারে বসে থাকা চারজনকে লক্ষ্য করে গুলি করেন। এতে চারজনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। কেউ কেউ গুলি থেকে রক্ষা পেতে মাটিতে শুয়ে পড়েন, কেউ দৌড়ে চলে যান। অন্যদিকে ওই তিন যুবক আরও কয়েকটি ফাঁকা গুলি করে বাড্ডার হোসেন মার্কেটের দিকে দৌড়ে চলে যান।

পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ চারজনের তিনজনকে ইউনাইটেড হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। ইউনাইটেড হাসপাতালে শামসুদ্দিন ও ফিরোজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  গামার মৃত্যু হয়।

ঘটনার বর্ণনা দিয়ে গুলিবিদ্ধ সালাম বলেন, ‘আদর্শ নগর লিংক রোড মধুবন বেকারীর সামনে আমিসহ ৪জন (শামসু, গামা ও মানিক) বসা ছিলাম। হঠাৎ দুই তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে আমরা সবাই গুলিবিদ্ধ হই।

সালাম নিজেকে বাড্ডা ইউনিয়নের যুবলীগ নেতা বলে দাবি করেন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার মন্ডল তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার পর ইউনাইটেড হাসপাতালে আসেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ আহমেদ। তিনি বলেন, হত্যার মোটিভ বোঝা যাচ্ছে না। আশা করি খুব তাড়াতাড়ি হত্যাকারীদের আইনের হাতে সোপর্দ করতে পারবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.