Sylhet Today 24 PRINT

হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে রায় পাল্টে দেওয়ার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৯

ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত এক রিট মামলায় অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে রায় পাল্টে দেওয়ার অভিযোগে উঠেছে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এরপর আদালত ঋণ সংক্রান্ত এই মামলার হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করেন।

অভিযোগ শুনে আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কত টাকার বিনিময়ে এই রায় হয়েছে? আমাদের তা জানান। এমন আদেশ হাইকোর্ট দিতে পারেন না। এটা নজিরবিহীন।’

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ফিদা এম কামাল ও রোকন উদ্দিন মাহমুদসহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.