Sylhet Today 24 PRINT

ইমতিয়াজ মাহমুদের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৯

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলায় গ্রেপ্তার লেখক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন শুনানি শেষে এই জামিন দেন।

ইমতিয়াজ মাহমুদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আসাদুজ্জামান খান (রচি), সাখাওয়াত হোসেনসহ অন্যরা। অপরদিকে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানির শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় ইমতিয়াজ মাহমুদের জামিন মঞ্জুর করেন।

এরআগে, বুধবার (১৫ মে) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ইমতিয়াজ মাহমুদের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ।

মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট করেন ইমতিয়াজ মাহমুদ। ওই ঘটনায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তার নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় খাগড়াছড়ির সদর থানায় মামলাটি দায়ের করেন।

বাদী এজাহারে উল্লেখ করেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ সম্প্রতি তার ফেসবুকে আইডিতে পাহাড় ইস্যুতে নানান মন্তব্য করেছেন। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের মধ্যে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো হয়েছে। বাঙালি জাতিকে হেয় করে সেটলার আখ্যায়িত করা হয়েছে। ২০১৭ সালের ১ জলাই হতে ১০ জুলাই পর্যন্ত আসামির পোস্টগুলো উসকানিমূলক, যা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য লেখা হয়।’

এদিকে, ৫৭-ধারাকে কালো আইন আখ্যা দিয়ে এই আইন বাতিল এবং কবি হেনরী স্বপন ও লেখক ইমতিয়াজ মাহমুদকে দ্রুত মুক্তির দাবিতে বুধবার বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করে লেখক ও মুক্তমনা সংগঠনগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.