Sylhet Today 24 PRINT

পাহাড়ে আবারও রক্ত : সেনাবাহিনীর সাথে ‘গোলাগুলিতে’ নিহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৫

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সাথে ‘গোলাগুলিতে’ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক সেনাসদস্যও। ধারণা করা হচ্ছে নিহতরা ইউপিডিএফ ও জেএসএস-এর সদস্য।

এসময় আটক করা হয়েছে ৩ জনকে। এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বারুদ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালায়। এ সময় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম সমিতির সদস্যরা একটি গোপন অস্তানায় অবস্থানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে।

এতে ঘটনাস্থলে পার্বত্য চট্টগ্রাম সমিতির এমএন লারমা গ্রুপের ৫ সদস্য নিহত হন। এ সময় লিকায়ত আলী নামের এক সেনাসদস্য আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে রুপায়ন চাকমা নামে একজনের পরিচয় পওয়া গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে তিনটি এসএলআর, দুটি চায়নিজ রাইফেল, ১টি এমএসজি, ১টি নাইন এমএম পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ৪৭২টি গুলি ও কার্তুজ এবং সেনাবাহিনীর মতো পোশাক উদ্ধার করা হয়। ঐ এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.