Sylhet Today 24 PRINT

বিএনপির রুমীনকে বিজয়ী ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৯

সংরক্ষিত মহিলা আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমীন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও ইসি’র যুগ্ম সচিব মো. আবুল কাসেম একমাত্র প্রার্থী রুমীনকে বিজয়ী ঘোষণা করেন।

পরে তিনি গণমাধ্যমকে বলেন, আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, বিকেল ৫টা পর্যন্ত রুমীন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে আমরা বিজয়ী ঘোষণা করেছি।

তিনি আরো বলেন, আমরা আগামীকালকেই এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করবো। কালকে না হলে পরশু এর গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত মঙ্গলবার যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আগামী ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা। তবে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ব্যারিস্টার রুমীন ফারহানা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত মহিলা আসন পাবে। তবে দলটির এমপিরা শপথ নিতে দেরি করায় এতদিন সেটি শূন্য ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.