সিলেটটুডে ডেস্ক | ১৬ আগস্ট, ২০১৫
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনের পর হজ ফ্লাইট শুরু হচ্ছে রবিবার থেকে। হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে প্রথম হজ-ফ্লাইট রবিবার সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের হজ-ফ্লাইট বিজি-১০১১ যাত্রা শুরু করবে।
নির্ধারিত সময়ে হজ-ফ্লাইট পরিচালনার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রবিবার (১৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম বিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন।
একই দিন হজ-ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে বছরব্যাপী হজ নিবন্ধন প্রক্রিয়া চালু করার কথা জানান।
তিনি বলেন, ‘আমরা হজ পালনে বছরব্যাপী নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি। নিবন্ধন প্রক্রিয়া সারাবছর চললে হজযাত্রীরা সময় নিয়ে স্বস্তির সঙ্গে তাদের নাম নিবন্ধন করতে পারবেন। হজযাত্রীদের সঙ্গে যারা প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, এ বছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার মুসলমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। এ ছাড়া বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী সৌদি আরব যাবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, এবার দেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৬০০ জন। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাবেন ২ হাজার ৫৭৫ জন হজযাত্রী। ৪৮ হাজার ৪২৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, দুই মাসব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮৫টি ফ্লাইট পরিচালনা করা হবে। ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘প্রি হজ’-এ মোট ১৪৫টি ফ্লাইট পরিচালনা করা হবে । ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা।
খান মোশাররফ হোসেন বলেন, পোস্ট-হজে ১৪০টি ফ্লাইট চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত । ২ হাজার ৫৭৫ জন সরকারি ব্যবস্থাপনার যাত্রীসহ মোট ৫১ হাজার হজযাত্রী ক্যারিয়ার হিসেবে বিমানকে ব্যবহার করবেন। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।